পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
বায়েজিদ,পলাশবাড়ী(গাইবান্ধা) :প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ডেঙ্গুসহ মশা-মাছিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া। তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই মিলে সচেতন হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।”
এসময় অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর,উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখোয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ গণমাধ্যমকর্মীরা।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, নালা-নর্দমা এবং আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটতে পারে, সেজন্য জমে থাকা পানি অপসারণ করা হয়।
এ সময় পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে নির্দেশনামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়। হ্যান্ডবিলে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































